...|...|...

বিশ্ব

ভারতের মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, নিহত ৫

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, রাত ৮:১৯
Shares
ভারতের মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, নিহত ৫

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার ও রবিবার দুটি পৃথক ঘটনায় কুকি সম্প্রদায়ের এই পাঁচজন নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, রবিবার (১ অক্টোবর) পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শনিবার মণিপুরের নোনি জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে গোলাগুলিতে কুকি সম্প্রদায়ের তিনজন নিহত হন।

পুলিশের আরেক বিবৃতিতে জানানো হয়, একই সম্প্রদায়ের আরও দুজনের মরদেহ রবিবার সকালে কাংপোকপি জেলা থেকে উদ্ধার করা হয়েছে। সপ্তাহের শুরুতে নিখোঁজ হওয়ার পর নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানে তাদের মরদেহ পাওয়া যায়।

কুকি সম্প্রদায়ের একটি শীর্ষ সংগঠন এই হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। সংগঠনটির অভিযোগ, নিজেদের মাতৃভূমিতে কোনো উসকানি ছাড়াই এই হামলা চালানো হয়েছে।

এদিকে, কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ভারত সরকারের করা যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবিতে রাজ্যের রাজধানী ইম্ফলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন কয়েক লাখ মানুষ। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে প্রাণহানির ঘটনা ঘটল।

মণিপুরে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে জাতিগত আবাসভূমি নিয়ে বিরোধ চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কুকি সম্প্রদায়ের কয়েকজনের বিরুদ্ধে এক নাগা ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠার পর নতুন করে উত্তেজনা ছড়ায়। মে মাসে নাগা সশস্ত্র গোষ্ঠীর হাতে তিন কুকি যাজক নিহত হওয়ার পর দুই পক্ষের মধ্যে প্রতিশোধমূলক অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনা বাড়তে থাকে।

এর আগে থেকেই মণিপুরে কুকি ও সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চলছে। ২০২৩ সালের মে মাসে অর্থনৈতিক সুবিধা ও চাকরির কোটা নিয়ে বিরোধ থেকে এই সংঘাতের সূত্রপাত হয়।

দীর্ঘদিনের এই সংঘাতে এখন পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ। তাদের অনেকেই এখনো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।