ভারতে সাশ্রয়ী মূল্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছেন স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তাঁর লক্ষ্য, মুকেশ আম্বানির রিলায়েন্স জিওর সঙ্গে প্রতিযোগিতা করা। জিওর মূল প্রতিষ্ঠান জিও প্ল্যাটফর্মসের বড় অঙ্কের শেয়ারবাজারে প্রবেশের প্রস্তুতির মধ্যেই এ ঘোষণা দিলেন মাস্ক। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতের ইতিহাসে বৃহত্তম প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়ার পরিকল্পনা করছে জিও প্ল্যাটফর্মস। এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ১০৬ বিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, স্টারলিংকসহ ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানগুলো এখনো চূড়ান্ত নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, ভারতে স্টারলিংকের দাম বেশি হলে গ্রাহকেরা তা কিনবেন না। তাই সেবাটির মূল্য সাশ্রয়ী রাখতে হবে। তাঁর মতে, প্রতিযোগিতা বাড়লে সাধারণ মানুষ বেশি বিকল্প পাবেন। এতে আম্বানির মুনাফা কিছুটা কমতে পারে, তবে তাঁর ব্যবসা বন্ধ হয়ে যাবে না।
ভারতে জিওর সাফল্যের অন্যতম কারণ ছিল কম দামে মোবাইল ডেটা সরবরাহ। একই ধরনের প্রতিযোগিতামূলক কৌশল নিয়ে কেনিয়ার মতো বাজারেও কাজ করেছে স্টারলিংক। তবে ভারতে স্যাটেলাইট ইন্টারনেটের নির্দিষ্ট মূল্য এখনো ঘোষণা করেননি মাস্ক।
এদিকে, ভারতের বাজারে স্টারলিংকের প্রবেশ নিয়ে দেশটির সরকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন মাস্ক। তাঁর দাবি, জিওকে সুবিধা দিতেই স্টারলিংকের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। শুক্রবার রাতে আম্বানিকে ‘প্রধানমন্ত্রী আম্বানি’ বলে কটাক্ষও করেন তিনি।
তবে ভারত সরকার পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে। সরকারের ভাষ্য, স্টারলিংক ও জিওসহ স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অপেক্ষায় থাকা তিনটি উদ্যোগই চূড়ান্ত নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। মাস্কের মন্তব্য নিয়ে রিলায়েন্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


