ভারতের সিকিমের আকাশসীমায় ঢুকে প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেছে চীনের একটি সামরিক বিমান। গত ১২ নভেম্বরের ওই ঘটনায় ভারতীয় বিমানবাহিনী বারবার সতর্কবার্তা দিলেও বিমানটি সাথে সাথে ফিরে যায়নি বলে জানিয়েছে একটি সূত্র।
রবিবার (১৫ নভেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে আউটলুক।
ঘটনাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে মূলত বিমানটির অবস্থানের কারণে। যে এলাকায় চীনা সামরিক বিমানটি শনাক্ত করা হয়েছিল, সেখান থেকে ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর পর্যবেক্ষণ করা সম্ভব।
শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে দেশটির মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে।
আউটলুকের প্রতিবেদনে বলা হয়েছে, ১২ নভেম্বর সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী চীনা সামরিক বিমানটির গতিবিধি শনাক্ত করে। পরে বারবার সতর্কবার্তা পাঠিয়ে সেটিকে ভারতীয় আকাশসীমা ছেড়ে নিজ ভূখণ্ডে ফিরে যেতে বলা হয়।
তবে বিমানটি ওই সতর্কতা উপেক্ষা করে আরও কিছু সময় এলাকায় অবস্থান করে। প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় সেটির উপস্থিতি ধরা পড়ে।
এখনও বিমানটির ধরন, নির্দিষ্ট উড্ডয়নপথ এবং ঠিক কখন সেটি ভারতীয় আকাশসীমা ছেড়ে যায়—এসব তথ্য জানা যায়নি।
আউটলুক এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনীর মন্তব্য চেয়েছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কেন এত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর
পশ্চিমবঙ্গে অবস্থিত শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা সরু স্থলপথ। সবচেয়ে সংকীর্ণ অংশে এর প্রস্থ মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার।
‘চিকেনস নেক’ বা মুরগির গলা নামেও পরিচিত এই করিডোর চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছে। ফলে এর আশপাশে কোনো অস্বাভাবিক সামরিক তৎপরতা ভারতীয় নিরাপত্তা পরিকল্পনাকারীদের দ্রুত নজর কাড়ে।
সিকিমের সাথেও চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত রয়েছে। একই সাথে অঞ্চলটি ডোকলাম মালভূমির কাছাকাছি। ২০১৭ সালে ডোকলাম এলাকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে দীর্ঘ মুখোমুখি অবস্থান তৈরি হয়েছিল।
আগেও সীমান্তে দেখা গেছে চীনা সামরিক বিমান
ভারত-চীন সীমান্ত এলাকায় চীনা সামরিক বিমান বা হেলিকপ্টারের উপস্থিতি নিয়ে উদ্বেগ এবারই প্রথম নয়।
২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছাকাছি দিয়ে একটি চীনা সামরিক বিমান উড়ে যায়। মাটিতে থাকা সেনা ও ভারতীয় রাডার সেটির গতিবিধি শনাক্ত করে। এরপর ভারতীয় বিমানবাহিনী প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয় এবং সামরিক পর্যায়ের প্রচলিত যোগাযোগের মাধ্যমে বিষয়টি চীনের কাছে তোলে।
২০২০ সালে পূর্ব লাদাখে দুই দেশের সেনাদের মুখোমুখি অবস্থানের সময়ও প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছাকাছি চীনা সামরিক হেলিকপ্টার উড়তে দেখা যায়। তখন ওই এলাকায় নজরদারি ও সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে যুদ্ধবিমান পাঠায় ভারতীয় বিমানবাহিনী। তবে কর্মকর্তারা জানিয়েছিলেন, হেলিকপ্টারগুলো ভারতীয় আকাশসীমায় ঢোকেনি।
এর আগে ২০১৭ সালের ১১ অক্টোবর উত্তরাখণ্ডের বারাহোতি এলাকায় চীনের দুটি হেলিকপ্টার ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল বলে খবর প্রকাশিত হয়।
একই বছরের ৭ নভেম্বর লাদাখে চারটি চীনা হেলিকপ্টার ভারতীয় আকাশসীমা অতিক্রম করে। এর মধ্যে একটি প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করেছিল বলে জানা যায়।
আর ২০১৭ সালের জুনে উত্তরাখণ্ডের চামোলি জেলার আকাশে চীনা সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার প্রায় পাঁচ মিনিট উড়েছিল। ডোকলাম অচলাবস্থা শুরুর প্রায় তিন মাস আগে ওই ঘটনা ঘটে।


