ভাগ্নেকে সাঁতার শেখাতে পুকুরে নেমেছিলেন মামা তালিমুল ইসলাম। কিন্তু সেই সাঁতার শেখানোই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা। গভীর পানিতে ভাগ্নে ডুবে গেলে তাকে বাঁচাতে ঝাঁপ দেন মামা। শেষ পর্যন্ত দুজনকেই প্রাণ দিতে হলো পুকুরের পানিতে।
শনিবার (২৭ জুন) দুপুর ২টার দিকে বরগুনার বামনা উপজেলা সদরের দক্ষিণ আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন পূর্ব সফিপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ওবাদুল (৯) ও তার আপন মামা তালিমুল ইসলাম (২১)। তালিমুল ইসলাম একজন কোরআনের হাফেজ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাগ্নে ওবাদুলকে সাঁতার শেখাতে বাড়ির পাশের একটি পুকুরে নিয়ে যান তালিমুল। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে ওবাদুল তলিয়ে যেতে শুরু করলে তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন তালিমুল। কিন্তু দুজনই পানিতে ডুবে যান।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত দুজনকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. তুহিন হাওলাদার তাদের মৃত ঘোষণা করেন।


