...|...|...

অন্যান্য

সচেতনতা সৃষ্টিতে বোয়াসের সাঁতার উৎসব

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৬ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪৭
Shares
সচেতনতা সৃষ্টিতে বোয়াসের সাঁতার উৎসব

সাঁতার প্রতিযোগিতা। ছবি: টাইমস টুডে

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতা তৈরি, নিরাপদ সাঁতারের গুরুত্ব তুলে ধরা এবং পানি দূষণ রোধ ও জলাশয় সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে সাঁতারের আয়োজন করেছে বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস-বিওডব্লিউএস) ও পাহাড়ি খাদ্যপণ্যের প্রতিষ্ঠান ‘পাহাড় থেকে ডটকম’।

শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার পূর্বাচলের ব্লু লেকে এ আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোয়াস জানায়, সাঁতারে দুই আয়রনম্যান, বাংলা চ্যানেল জয়ী তিনজন, জাতীয় পর্যায়ের পাঁচ সাঁতারুসহ মোট ৩১ জন অংশ নেন। পাশাপাশি অংশ নেন উদীয়মান সাঁতারুরাও। আয়োজনে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের একজন অফিসিয়াল রেফারি দায়িত্ব পালন করেন।

এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘ক্লিন ওয়াটার, স্ট্রংগার পিউপল’। এর লক্ষ্য ছিল সাঁতারের প্রতি আগ্রহ বাড়ানো, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ, নিরাপদ সাঁতারচর্চা এবং পানি দূষণ রোধ ও জলাশয় সংরক্ষণে সচেতনতা তৈরি।

বোয়াসের প্রেসিডেন্ট নাসির আহমেদ সৌরভ বলেন, সাঁতারকে শুধু প্রতিযোগিতা নয়, জীবন রক্ষার গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে প্রতিষ্ঠা করা এবং পানি দূষণ রোধ ও জলাশয় সংরক্ষণে মানুষকে সচেতন করাই এ আয়োজনের উদ্দেশ্য।

আয়োজক খন্দকার শওকত ওসমান বলেন, সাঁতারকে সামাজিক আন্দোলনে রূপ দিতে এবং পানির নিরাপত্তা ও জলাশয় সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।

রেস ডিরেক্টর সাইফুল ইসলাম রাসেল বলেন, ওপেন ওয়াটার সুইমিংয়ে প্রতিযোগিতার পাশাপাশি সাঁতারুদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা নির্দেশনা মেনে সাঁতারচর্চায় মানুষকে উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ নিরাপদ সাঁতারচর্চায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ, পানি দূষণ রোধ এবং জলাশয় সংরক্ষণের গুরুত্ব আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে।