এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। কম দামে কেনার প্রবণতা বাড়ায় এই ঊর্ধ্বগতি দেখা গেছে। তবে চলতি সপ্তাহে এখনও বড় ধরনের পতনের মুখে রয়েছে মূল্যবান ধাতুটি।
শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৮৯৮ দশমিক ২৭ ডলারে দাঁড়ায়। তবে পুরো সপ্তাহের হিসাবে এখন পর্যন্ত স্বর্ণের দাম কমেছে ৪ দশমিক ১ শতাংশ।
অন্যদিকে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯০২ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।
ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, বৃহস্পতিবারের বড় পতনের পর স্বল্পমেয়াদি কয়েকটি বাজারসূচক অতিমাত্রায় বিক্রির পর্যায়ে চলে গিয়েছিল। ফলে শুক্রবারের ঊর্ধ্বগতি মূলত বিনিয়োগকারীদের অবস্থান সমন্বয়ের ফল।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫০ দশমিক ০৫ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৫১৭ দশমিক ০৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৯ দশমিক ৬২ ডলারে পৌঁছেছে।
তবে স্বর্ণের মতো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম—তিন ধাতুই সাপ্তাহিক হিসাবে দরপতনের পথে রয়েছে।


