...|...|...

সারাদেশ

ব্যান্ড বাজিয়ে দুই মহিষকে হাঁটানো হলো ১০ কিলোমিটার, নেপথ্যে কী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৪
Shares
ব্যান্ড বাজিয়ে দুই মহিষকে হাঁটানো হলো ১০ কিলোমিটার, নেপথ্যে কী

ছবি: সংগৃহীত

ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যান্ড পার্টি ভাড়া করে বগুড়ার রাস্তায় দুই মহিষকে ঘোরানো হয়েছে। গলায় রঙিন কাগজের মালা পরিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে প্রায় ১০ কিলোমিটার হাঁটানো হয় প্রাণী দুটিকে। তবে এই প্রচারণার কারণে মহিষ দুটিকে দীর্ঘ পথ হাঁটতে হয়েছে। একপর্যায়ে ক্লান্ত হয়ে হাঁসফাঁস করতে দেখা যায় তাদের। মুখ দিয়ে ঝরছিল ফেনা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বগুড়া মহানগরীর ফুলবাড়ি সুবিল সেতু এলাকা থেকে সাতমাথা হয়ে মাটিডালি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ হাঁটানো হয় মহিষ দুটিকে। এরপর একই পথ ধরে ফতেহ আলী বাজারে ফিরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দেয় প্রাণী দুটি।

উদ্দেশ্য, শুক্রবার ফতেহ আলী বাজারের ‘উজ্জ্বল মাংস ঘর’ নামের দোকানে মহিষ দুটি জবাই করা হবে-এ খবর যত বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এ জন্য মহিষ দুটির সামনে দড়ি ধরে হাঁটছিলেন একজন রাখাল। পেছনে ইজিবাইকে ছিল ব্যান্ড পার্টি। পাশাপাশি মাইকে চলছিল মাংস বিক্রির প্রচারণা।

মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল, ‘জি ভাই, ফতেহ আলী বাজারের ‘উজ্জ্বল মাংস ঘরে’ আগামীকাল শুক্রবারের আকর্ষণ-জবাই হবে নাদুসনুদুস দুটি মহিষ। মাংস তো নয় যেন একেবারে বাতাসা! মহিষের মাংস কেনার কথা যাঁরা ভাবছেন, শুক্রবার সকাল সকাল চলে আসুন ফতেহ আলী বাজারের উজ্জ্বল মাংস ঘরে। প্রতি কেজি মাত্র ৮০০ টাকা।’

জানা গেছে, মহিষ দুটির মোট ওজন প্রায় ১৬ মণ। দোকানটির মালিক উজ্জ্বল আকন্দ জয়পুরহাটের পাঁচবিবি হাট থেকে ৫ লাখ ৫০ হাজার টাকায় মহিষ দুটি কিনেছেন। প্রতি কেজি মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

মহিষ দুটিকে এভাবে সাজিয়ে নগরজুড়ে প্রচারণা চালানোর বিষয়ে দোকানটির মালিক উজ্জ্বল আকন্দ বলেন, ‘এখন ক্রেতারা সবকিছু সরাসরি দেখতে চান। শুধু মাইকিং করে মাংস বিক্রির ঘোষণা দিলে আগের মতো মানুষের মনোযোগ পাওয়া যায় না। এ কারণে জীবন্ত মহিষ দুটি কাগজ ও জরির মালা দিয়ে সাজিয়ে ব্যান্ড পার্টি ভাড়া করে নগরজুড়ে প্রচারণা চালানো হয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতেই এই আয়োজন।’

তিনি আরও বলেন, প্রতি মাসে দুইবার ফতেহ আলী বাজারে মহিষ জবাই করা হয়। জবাইয়ের আগে এভাবে ক্রেতাদের আকৃষ্ট করতে প্রচারণা চালানো হয়।

তবে ব্যবসায়িক প্রচারণার এই আয়োজনকে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, যে প্রাণীকে কিছু সময় পর জবাই করা হবে, তাকে তার আগেই দীর্ঘ পথ হাঁটিয়ে শহর ঘোরানো অমানবিক।

বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার বাসিন্দা ও শিক্ষক আবদুল ওয়ারেস বলেন, জবাই করার আগে নিরীহ প্রাণীকে এভাবে রঙিন মালা পরিয়ে দীর্ঘ পথ হাঁটিয়ে নিয়ে বেড়ানো এবং ব্যান্ড পার্টি বাজিয়ে মাংস বিক্রির প্রচারণা চালানো প্রাণীর প্রতি চরম নিষ্ঠুরতা। দীর্ঘ পথ হাঁটতে কষ্ট হওয়ায় মহিষ দুটি হাঁসফাঁস করছিল, মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া দরকার।

খামারি তৌহিদ পারভেজ বলেন, মাংসের বাজারে ক্রেতা টানতে ব্যবসায়ীরা নানা কৌশল অবলম্বন করেন। মানুষের কাছে অভিনব এই আয়োজন হয়তো সাময়িক কৌতূহল তৈরি করেছে। কিন্তু তার মূল্য দিতে হয়েছে দুটি নিরীহ প্রাণীকে।

প্রাণীকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া কিংবা দীর্ঘ পথ হাঁটিয়ে ব্যবসায়িক প্রচারণায় ব্যবহার করার সুযোগ নেই বলে মনে করেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান বলেন, ধর্মীয় বিধান অনুযায়ী কোরবানির পশু জবাইয়ের আগে সাজানোতে অপরাধ নেই। তবে জবাইয়ের আগে কোনো পশুকে এতটা দীর্ঘ পথ হাঁটিয়ে ব্যবসায়িক প্রচারণা চালানো গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ২০১৯ সালের প্রাণীকল্যাণ আইন অনুযায়ী প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ডের সাথে কোনো মাংস ব্যবসায়ী জড়িত থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনি ব্যবস্থা নিতে পারে।