...|...|...

জাতীয়

সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৩৭
Shares
সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে সব এলপিজি সিলিন্ডারের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সেলিম খান এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সেলিম খান বলেন, গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এসবের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার  (১৫ ও ১৬ অক্টোবর) সারাদেশে সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যবসায়ীদের দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, মাত্র পাঁচটি কোম্পানির হাতে এলপিজি সিলিন্ডারের বিপণন কার্যক্রম জিম্মি হয়ে আছে। এসব কোম্পানির মাধ্যমে একতরফাভাবে এলপিজির দাম বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সর্বশেষ ঘোষণা অনুযায়ী, গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও বাড়ানো হয়।

তবে ব্যবসায়ীদের অভিযোগ, নির্ধারিত দামে বাজারে সব সময় এলপিজি পাওয়া যাচ্ছে না। তাদের দাবি, খুচরা বাজারে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।

এলপিজি ব্যবসায়ীদের এ কর্মসূচির ফলে বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে সিলিন্ডার বিক্রি বন্ধ থাকলে ভোগান্তিতে পড়তে পারেন গৃহস্থালি ও বাণিজ্যিক কাজে এলপিজি ব্যবহারকারীরা।