বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা দেখতে জার্মানি থেকে নাটোরে আসা ১৮ বছর বয়সী পর্যটক ক্রিল লেন্ডার উইবারকে নিরাপত্তার কারণে রাতে রাজশাহীতে পাঠিয়েছে পুলিশ। তবে নাটোর রেলস্টেশনের ওয়েটিং রুম থেকে হারিয়ে যাওয়া তার ব্যাগ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ব্যাগটিতে ম্যাকবুক, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী ছিল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্থানীয় সাংবাদিকদের একজন জানান, গভীর রাত পর্যন্ত তারা ক্রিলের সাথে নাটোর থানায় ছিলেন। নাটোরে ভালো মানের হোটেল না থাকায় তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাকে রাতে রাজশাহীতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ক্রিলের ম্যাকবুকের সর্বশেষ অবস্থান রাজশাহীতে শনাক্ত হয়েছে। ওই অবস্থান অনুসরণ করেই হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
এর আগে ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখতে নাটোরে পৌঁছান ক্রিল। সেখানে রেলস্টেশনের ওয়েটিংরুমে অবস্থানের সময় তার ব্যাগটি হারিয়ে যায়। এরপর থেকেই ব্যাগ উদ্ধারে পুলিশের কাছে সহায়তা চান তিনি।
ক্রিলের ভাষ্য অনুযায়ী, হলুদ কটি পরা এক ব্যক্তি নিজেকে রেলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে তার সাথে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে টিকিট কাটতে যাওয়ার সময় সরল বিশ্বাসে ব্যাগটি ওই ব্যক্তির কাছে রেখে যান তিনি। টিকিট কেটে ফিরে এসে দেখেন, ব্যাগসহ ওই ব্যক্তি সেখানে নেই।
হারানো ব্যাগে ম্যাকবুক ও ক্যামেরার পাশাপাশি বেশ কিছু মূল্যবান ব্যক্তিগত জিনিস থাকায় উদ্বেগে রয়েছেন ক্রিল। ব্যাগটির অবস্থান শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখনো সেটি উদ্ধার করা যায়নি।


