...|...|...

সারাদেশ

অগ্রণী ব্যাংকের টাকা আত্মসাৎ, সাবেক-বর্তমান ব্যবস্থাপকসহ গ্রেফতার ৫

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১৮
Shares
অগ্রণী ব্যাংকের টাকা আত্মসাৎ, সাবেক-বর্তমান ব্যবস্থাপকসহ গ্রেফতার ৫

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখা থেকে গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ও বর্তমান দুই ব্যবস্থাপক এবং দুজন নিরাপত্তাকর্মীসহ আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশের ভিত্তিতে বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ব্যাংকটির শ্রীনগর শাখা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হোসেন গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মুন্সিগঞ্জ দিঘীরপাড় শাখার ব্যবস্থাপক ও শ্রীনগর শাখার সাবেক ব্যবস্থাপক (বর্তমানে সাময়িক বরখাস্ত) রেজাউল হক (৪২), সীমপাড়া শাখার ক্যাশ অফিসার ও শ্রীনগর শাখার সাবেক ক্যাশ অফিসার (বর্তমানে সাময়িক বরখাস্ত) মো. জিন্নাহ হোসেন (৩৪), শ্রীনগর শাখার বর্তমান ব্যবস্থাপক শরিফ উদ্দিন (৩৯) এবং শাখাটির দু’জন বেসরকারি নিরাপত্তাকর্মী রঞ্জু আহমেদ (৩০) ও আব্দুল হাই (৪২)।

পুলিশ আরও জানায়, অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে বুধবার শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় দুদকের শুনানি অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক ভুক্তভোগী গ্রাহক অংশ নেন। গ্রাহকেরা তাদের জমা টাকা ফেরত পাওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

ব্যাংক কর্মকর্তারা জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি তদন্ত দল বুধবার শ্রীনগর বাজার শাখায় তদন্তে আসে। দিনভর তদন্ত শেষে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক এবং পরে গ্রেফতার দেখানো হয়।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর পাইকপাড়া এলাকা থেকে ঘটনার প্রধান অভিযুক্ত ব্যাংকটির ক্যাশ ইনচার্জ শরিফুজ্জামান ওরফে সোহাগকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, লকারের চাবি ও চেকবই উদ্ধার করা হয়।