চট্টগ্রামের বাঁশখালীতে ভুয়া SRB সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় চাকরিচ্যুত সাবেক সেনাসদস্যসহ ছয়জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাঁশখালী থানা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) অপহরণের চার দিন পর কক্সবাজারের টেকনাফের লেদা (আলীখালী) রোহিঙ্গা ক্যাম্প-২৫ সংলগ্ন এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছান ওরফে হাসানকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের হেফাজত থেকে অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেট কার, পাঁচটি কালো রঙের SRB লেখা কটি, দুটি ভুয়া SRB পরিচয়পত্র ও একটি হ্যান্ডকাফ জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত অন্যরা হলেন, মিজানুর রহমান, জয়নাল উদ্দিন, মো. আব্বাস উদ্দিন, মো. ছলিম ও দেলোয়ার হোসেন।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গত ১৭ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে বাঁশখালীর পুঁইছড়ির প্রেমবাজারে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এহছানকে অপহরণ করা হয়। এসআরবির পোশাক পরা সাবেক সেনাসদস্য সুমন মুন্সিসহ পাঁচ-ছয়জন তাকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখেন। পরে অপহরণকারীরা বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে এহছানের স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় গত ১৯ অক্টোবর বাঁশখালী থানায় মামলা করা হয়। মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ অক্টোবর) টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এহছানকে উদ্ধার এবং ছয়জনকে গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া ব্যবসায়ী এহছান বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজারের ব্যবসায়ী এবং একই এলাকার তেলিয়াকাটা গ্রামের হাজী নুরুল কবিরের মেঝো ছেলে। তিনি দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে ব্যবসা করার পর দেশে ফিরে স্থানীয়ভাবে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন।


