গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের মোংলা বন্দরে একটি চাতালে গোপনে ৮ টি ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টাকালে স্থানীয়রা ৬ জনকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার( ১২ জুন) দুপুরে দিকে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা বন্দরের খাইরুলের চাতালে আনিসুর রহমান নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকটি ঘোড়া জবাই করে মাংস পাচারের প্রস্তুতি চলছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে রাখে। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে বিপুল পরিমাণ ঘোড়া মাংস জব্দসহ ওই ৬ জনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন, জলঢাকার মো হৃদয় হোসেন, নেত্রকোনা মো রাজিব,সাদুল্লাপুরের জামালপুরের মমিনুল ইসলাম ও ভাতগ্রাম ইউনিয়নের বিটু মিয়া।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ চলছে। তদন্ত সাপেক্ষে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করেন।


