বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীতে টেলিভিশনটির প্রধান কার্যালয় থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, টিপু টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাকে ঘিরে রাখে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। টিপু ‘বৈষম্যবিরোধী আন্দোলনে’ সংঘটিত হত্যা মামলার আসামি।
এর আগে শনিবার বিকেলে রাজধানীর বনানী থানাধীন মহাখালীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একদল দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় তারা প্রতিষ্ঠানের কর্মীদের ওপরও হামলা করে। এতে কয়েকজন আহত হন।
এমন পরিস্থিতিতে কার্যালয়ের ভেতর থেকে উদ্ধারের আকুতি জানিয়ে ভবনের ছাদে উঠে ফেসবুক লাইভ করেন বৈশাখী টেলিভিশনের এক সাংবাদিক। বিকেল সাড়ে ৩টার দিকে টেলিভিশনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভটি সম্প্রচার করা হয়।
লাইভে ওই সাংবাদিক দাবি করেন, একদল লোক টেলিভিশনটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে তাদের কয়েকজন সহকর্মী আহত হয়েছেন। হামলাকারীদের কারণে তারা নিচে নামতে পারছেন না।
ওই সাংবাদিক লাইভে বলেন, “আমরা বাধ্য হয়ে ছাদ থেকে লাইভ করার চেষ্টা করছি। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি। কোনোভাবে নিচে নামতে পারছি না। আমাদের একজন সহকর্মীকে আঘাত করা হয়েছে।”
তিনি আরও বলেন, হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন। লিফটও বন্ধ রয়েছে। এ অবস্থায় ভবনের ভেতরে সাংবাদিক ও কর্মীরা আটকা পড়েছেন। তাদের দুটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।


