আসন্ন ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার (১৪৪৮ হিজরি/২০২৭ ঈসাব্দ) পরীক্ষার্থীদের অন্তর্ভুক্তি ফি গ্রহণের সময়সূচি প্রকাশ করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
আগামী ২৬ জমাদিউল উলা ১৪৪৮ হিজরি (৬ নভেম্বর) থেকে পরীক্ষার অন্তর্ভুক্তি ফি জমা দেওয়া যাবে। স্বাভাবিক সময়ে ফি জমার শেষ সময় ১৫ জমাদিউল উখরা (২৫ নভেম্বর)। এরপর বিলম্ব ফিসহ ১৬ জমাদিউল উখরা (২৬ নভেম্বর) থেকে ২৫ জমাদিউল উখরা (৫ ডিসেম্বর) পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।
বুধবার (৭ অক্টোবর) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা ১৪৪৮ হিজরি/২০২৭ ঈসাব্দের পরীক্ষার্থী নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। এ কারণে পরীক্ষার অন্তর্ভুক্তি ফি গ্রহণের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
বেফাকের নির্ধারিত সূচি অনুযায়ী, ২৬ জমাদিউল উলা (৬ নভেম্বর) থেকে ১৫ জমাদিউল উখরা (২৫ নভেম্বর) পর্যন্ত স্বাভাবিক সময়ে পরীক্ষার অন্তর্ভুক্তি ফি জমা দেওয়া যাবে। ১৬ জমাদিউল উখরা (২৬ নভেম্বর) থেকে ২৫ জমাদিউল উখরা (৫ ডিসেম্বর) পর্যন্ত বিলম্ব ফিসহ ফি জমা দেওয়ার সুযোগ থাকবে।
যে হারে ফি দিতে হবে
বেফাকের বিজ্ঞপ্তিতে বিভিন্ন মারহালার (শ্রেণি) নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পৃথক হারে অন্তর্ভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে।
ফজিলত মারহালায় নিয়মিত পরীক্ষার্থীদের ফি ৬৫০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ৭৫০ টাকা। বিলম্ব ফিসহ এ দুই শ্রেণির পরীক্ষার্থীদের দিতে হবে যথাক্রমে ৭০০ ও ৮০০ টাকা।
সানাবিয়া উলইয়া মারহালায় নিয়মিত পরীক্ষার্থীদের ফি ৫৫০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ৬৫০ টাকা। বিলম্ব ফিসহ ফি হবে যথাক্রমে ৬০০ ও ৭০০ টাকা।
সানাবিয়া মারহালায় নিয়মিত পরীক্ষার্থীদের ৫০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিলম্ব ফিসহ এ ফি হবে যথাক্রমে ৫৫০ ও ৬৫০ টাকা।
মুতাওয়াসসিতা মারহালায় নিয়মিত পরীক্ষার্থীদের ফি ৪২৫ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ৫২৫ টাকা। বিলম্ব ফিসহ দিতে হবে যথাক্রমে ৪৭৫ ও ৫৭৫ টাকা।
ইবতিদাইয়্যাহ মারহালায় নিয়মিত পরীক্ষার্থীদের ফি ৩৭৫ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ৪৭৫ টাকা। বিলম্ব ফিসহ এ ফি হবে যথাক্রমে ৪২৫ ও ৫২৫ টাকা।
এ ছাড়া হিফজুল কোরআন ও ইলমুল কিরাআত মারহালায় নিয়মিত পরীক্ষার্থীদের ফি ৪০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ৫০০ টাকা। বিলম্ব ফিসহ নিয়মিত পরীক্ষার্থীদের ৪৫০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ৫৫০ টাকা দিতে হবে।
বেফাকের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষ ও পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্ভুক্তি ফি জমা দেওয়ার জন্য বলা হয়েছে।


