...|...|...

শিক্ষা

১০ম গ্রেডের বেতন পাচ্ছেন প্রধান শিক্ষকরা, বকেয়া নিয়ে যা জানানো হলো

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩৪ | আপডেট: ৬ অক্টোবর ২০২৬, রাত ৯:১৬
Shares
১০ম গ্রেডের বেতন পাচ্ছেন প্রধান শিক্ষকরা, বকেয়া নিয়ে যা জানানো হলো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণের জটিলতা কাটল। পদটি ১০ম গ্রেডে উন্নীত করার প্রায় ১০ মাস পর নতুন গ্রেডে বেতন নির্ধারণের পদ্ধতি কার্যকর করতে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা।

আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি আইবাস++ সফটওয়্যারে যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

জিওর আগের বকেয়া পাবেন না

১০ম গ্রেডে উন্নীত হওয়ার পরও বর্ধিত বেতন নিয়ে অপেক্ষায় ছিলেন প্রধান শিক্ষকরা। তবে নতুন আদেশে বকেয়া বেতনের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

আদেশ অনুযায়ী, প্রশাসনিক মন্ত্রণালয় সরকারি আদেশ (জিও) জারির আগে যে সময় পার হয়েছে, সেই সময়ের জন্য ১০ম গ্রেডের আর্থিক সুবিধা হিসেবে কোনো বকেয়া দেওয়া হবে না। অর্থাৎ জিও জারির আগের সময় থেকে ১০ম গ্রেড কার্যকর ধরে যে বেতন-ভাতা পাওনা হয়েছে বলে দাবি করা হচ্ছে, তা দেওয়ার সুযোগ নেই।

আদালতের রায়ের পর ২০২৫ সালের ১৫ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১০ম করার প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু প্রশাসনিক ও কারিগরি নানা জটিলতায় এতদিন নতুন গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ করা যায়নি।

১০ম গ্রেডে মূল বেতন ৩২ হাজার টাকা

নতুন বেতন স্কেল অনুযায়ী, ১০ম গ্রেডে প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হবে ৩২ হাজার টাকা থেকে। সর্বোচ্চ মূল বেতন ৭৭ হাজার ৩০০ টাকা।

এর আগে ১০ম গ্রেডের মূল বেতন ১৬ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ধাপ ছিল ৩৮ হাজার ৬৪০ টাকা।

১০ম গ্রেডে উন্নীত হওয়ার আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদ ১১তম ও ১২তম গ্রেডের মধ্যে ছিল। পুরোনো বেতন কাঠামোতে ১১তম গ্রেডে মূল বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা এবং ১২তম গ্রেডে ১১ হাজার ৩০০ টাকা থেকে।

নতুন বেতন স্কেলে ১১তম গ্রেডের মূল বেতন ২৫ হাজার থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৬০ হাজার ৫০০ টাকা। আর ১২তম গ্রেডে মূল বেতন ২৪ হাজার ৩০০ থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৫৮ হাজার ৭০০ টাকা।

অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানোর দাবিতে এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বর্তমানে তারা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে রয়েছেন। নতুন বেতন স্কেলে এই গ্রেডে মূল বেতন শুরু হয় ২৪ হাজার টাকা থেকে।

অন্তর্বর্তী সরকারের সময়ে সহকারী শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের বেতন ১৩তম থেকে ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব জাতীয় বেতন কমিশনে পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে বেতন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া কমিশনের কার্যপরিধির মধ্যেও পড়ে না।

এর পাশাপাশি সহকারী শিক্ষকদের বেতন দুই ধাপ বাড়িয়ে ১১তম গ্রেড করার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগেও পাঠানো হয়েছিল। প্রস্তাবটি বাস্তবায়ন হলে কর্মরত সহকারী শিক্ষকদের বর্ধিত গ্রেডে বেতন দিতে সরকারের বছরে অতিরিক্ত প্রায় ৮৩১ কোটি ৯১ লাখ টাকা ব্যয় হবে। 

দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে ৩ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষক কর্মরত রয়েছেন। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ৩ লাখ ৬৯ হাজারের কিছু বেশি। বর্তমানে কর্মরত আছেন সাড়ে ৩ লাখের বেশি শিক্ষক। এর বাইরে সম্প্রতি প্রায় ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পেয়েছেন। তাদের আগামী ১১ অক্টোবর পদায়ন করার কথা রয়েছে।