যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান এবং ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোলে বিক্ষোভ-সমাবেশের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্টসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
রবিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন হিন্দু সুরক্ষা সমিতি এবং মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা। এতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতাও অংশ নেন।
ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে স্বপন মজুমদার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে তিনি শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানান।
এদিকে, আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের সম্ভাব্য সফর নিয়েও আলোচনা চলছে। তবে তাদের সফর বা অবস্থানের বিষয়ে নিশ্চিত হতে পারেনি টাইমস টুডে।
এমন পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যাতে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
রবিবার সন্ধ্যায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এরই অংশ হিসেবে শেখ হাসিনার বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার গুঞ্জন ছড়ানো হয়েছে।
এ কারণে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সহযোগিতা কামনা করে বিজিবির অধিনায়ক বলেন, কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত বিজিবিকে জানাতে হবে। পারস্পরিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদান বাড়ানো গেলে সীমান্তের অপরাধ দমন আরও সহজ হবে।


