সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, খুব শীগ্রই সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে।
২ আগস্ট রবিবার দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার অগ্রগতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
পরে আরেকটি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের সাথে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান-প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে। আমরা আশা করছি খুবই শীঘ্রই আসামি বেনজীরকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা যাবে।’
এর আগে, বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে যে, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে জামিন পেয়েছেন। তবে এমন কোনো তথ্য পুলিশ সদর দপ্তরের কাছে নেই বলে জানিয়েছেন মুখপাত্র এ এইচ এম শাহাদাত হোসেন।
দুবাইতে বেনজীর আহমেদের জামিন নিয়ে আরেক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের আইনানুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে, আমাদের হোম মিনিস্ট্রি তাদের সাথে কথা বলবে। কথা বলে পরবর্তী কী পদক্ষেপ আমরা নিতে পারি সেটা আমরা সিদ্ধান্ত নিব।’
এর আগে, জুন মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদের অধিবেশনে বেনজীর আহমেদকে গ্রেফতারের খবর জানিয়েছিলেন। এছাড়া তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন তিনি।


