সারা দেশের সব জেলায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১-দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং আওয়ামী লীগের সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে দলটি।
বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে সংশ্লিষ্ট জেলাগুলোর নেতাকর্মী ও বাসিন্দাদের প্রতি এ আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, ১১-দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এ কর্মসূচি ডাকা হয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদও জানানো হবে।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট জেলা জামায়াতের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি দেশবাসীর সহযোগিতাও কামনা করেন।

