...|...|...

খেলা

বৃষ্টি নামলেই শেষ স্বর্ণ জেতার স্বপ্ন, পাকিস্তানের বিপক্ষে শঙ্কায় বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৪৮
Shares
বৃষ্টি নামলেই শেষ স্বর্ণ জেতার স্বপ্ন, পাকিস্তানের বিপক্ষে শঙ্কায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমস ক্রিকেটে বৃষ্টি কখনো আশীর্বাদ, কখনো বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দল বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের সুবিধা পেলেও পিছিয়ে থাকা দলের জন্য সেটিই হয়ে ওঠে হতাশার। মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সেই সুবিধা পেয়েছে। ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ, বিদায় নিতে হয়েছে মালয়েশিয়াকে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টায় কোরোগি স্পোর্টস পার্কে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার কথা বাংলাদেশের। তবে ম্যাচটির আগেও রয়েছে বৃষ্টির শঙ্কা। এবার বৃষ্টি নামলে র‍্যাংকিংয়ে সমীকরণ বাংলাদেশের জন্য স্বস্তির হবে না। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম, আর পাকিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে। ফলে ম্যাচটি পরিত্যক্ত হলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা পাকিস্তানই সুবিধা পাবে এবং বাংলাদেশ সোনার পদকের লড়াই থেকে ছিটকে যাবে।

মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিলেন মালয়েশিয়ান অলরাউন্ডার বীরানদীপ সিং। তিন বছর ধরে এমন একটি ম্যাচের অপেক্ষায় ছিলেন তিনি। কোরোগি স্পোর্টস পার্কে সেই সুযোগ তৈরি হলেও বৃষ্টি শেষ পর্যন্ত মাঠের লড়াইয়েরই সুযোগ দেয়নি।

তবে শুধু বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচেই বৃষ্টির হানা ছিল না। জাপানের নিশিনেও বৃষ্টির প্রভাব ছিল। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের আগের নয়টি ম্যাচের মধ্যে পাঁচটিই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। অর্থাৎ পুরো টুর্নামেন্টেই আবহাওয়া বড় প্রভাব ফেলছে।

মালয়েশিয়ার বিপক্ষে মাঠে খেলা হলে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি ছিল। দুই দলের শক্তির ব্যবধান বিবেচনায় বাংলাদেশের জন্য ম্যাচটি কঠিন হওয়ার কথা ছিল না। কিন্তু খেলা না হওয়ায় ফল এসেছে অন্যভাবে। তবে মাঠে খেলা হলে বাংলাদেশ আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা পেতে পারত আন্তর্জাতিক ম্যাচের আবহে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ।

জাপানে যাওয়ার পর পর্যাপ্ত অনুশীলনের সুযোগও পাচ্ছে না বাংলাদেশ। বৃষ্টির কারণে ব্যাটিং-বোলিংয়ের নিয়মিত অনুশীলন ব্যাহত হয়েছে। একদিন কিছুটা অনুশীলন করা গেলেও সেটি হয়েছিল একটি ফুটবল মাঠে। ফলে নেটে ব্যাটিং ও বোলিং করার সুযোগ পায়নি দলের ক্রিকেটাররা।

এ অবস্থায় পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল সামনে রেখে দুশ্চিন্তা আরও বাড়ছে। ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে র‍্যাংকিংয়ের কারণে সুবিধা পাবে পাকিস্তান। অর্থাৎ সেমিফাইনালে বাংলাদেশের সামনে শুধু পাকিস্তানের শক্তিশালী দলের চ্যালেঞ্জই নয়, আবহাওয়ারও বড় পরীক্ষা অপেক্ষা করছে।

এর আগে এশিয়ান গেমসে বৃষ্টির কারণে বাংলাদেশের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ২০১৪ সালের আসরের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে শেষ করা সম্ভব হয়নি। পরে টসের মাধ্যমে ম্যাচের ভাগ্য নির্ধারণ করা হয়, আর সেই পরীক্ষায় হেরে যায় বাংলাদেশ।

বৃষ্টি এড়িয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়ালেও বাংলাদেশের জন্য জয় সহজ হবে না। পাকিস্তান এশিয়ান গেমসে জাতীয় দলের মূল স্কোয়াড না পাঠালেও শক্তিশালী একটি দল পাঠিয়েছে। ফলে সেমিফাইনালে বাংলাদেশকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হবে।