পাবনার সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন কয়েকজন। বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে পাশেই জেলেদের একটি ছাউনিতে আশ্রয় নেন তারা। কিন্তু সেই ছাউনিই হয়ে ওঠে মৃত্যুফাঁদ। বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ যায় ছয়জনের।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ছয়জন হলেন সদর উপজেলার গঞ্জমতি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রব্বেল হোসেন (২২), শাহজাহান আলীর ছেলে মিজান আলী (১২), মনিরুল ইসলামের ছেলে সাজিদ হোসেন (১০), শাহাদত প্রামানিকের ছেলে আব্দুল্লাহ প্রামানিক (১৮) এবং ইবাদুল হোসেনের ছেলে ইমন হোসেন (১৪)। তাদের মধ্যে শেষের চারজন পরস্পরের চাচাতো ভাই।
আহত দুজন হলেন গঞ্জমতি গ্রামের আতাপ আলীর ছেলে রিপন (৩২) ও অজ্ঞাতপরিচয় ১৪ বছর বয়সী এক ব্যক্তি। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নিহত ও আহত ব্যক্তিরা সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাশের জেলেদের ছাউনিতে আশ্রয় নেন। এ সময় সেখানে বজ্রপাত হলে ছয়জন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুজন।
পাবনা সদর উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আহমদ আলী সরকার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। নিহত ব্যক্তিরা সবাই কৃষক পরিবারের সন্তান। তাদের পরিবারের তথ্য তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সরকারি সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
এদিকে একসাথে ছয়জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।


