সিলেটে জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নকাজের জন্য বুধবার (১১ নভেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো), সিলেটের আওতাধীন ১১ কেভি লালাবাজার ফিডারের গ্রাহকরা এ সময় বিদ্যুৎ পাবেন না।
মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো), সিলেটের নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় ফিডারের আওতাধীন নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও ও সালামপুরসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ থাকবে না।
নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ে বিদ্যুৎ লাইন চালু আছে বলে গণ্য করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এতে অসাবধানতাবশত দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন। একই সাথে উন্নত সেবা নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ বিভাগ।


