বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সাথে শারীরিক সম্পর্কের পর তার সাথে প্রতারণা ও হেনস্তার অভিযোগে উঠেছে অভিনেতা সৌরভ গুর্জরের বিরুদ্ধে। ছোটপর্দায় ‘মহাভারত’র ভীম চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করা এ অভিনেতার বিরুদ্ধে এরই মধ্যে হায়দরাবাদের গাচিবাউলি থানায় মামলা দায়ের হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযোগ দায়েরের পর মুম্বাই বিমানবন্দর থেকে অভিনেতা সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ। তারপর সেখান থেকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়।
রেসলিং ও অভিনয়, দুই মাধ্যমেই বেশ খ্যাতি লাভ করা সৌরভকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়ও দেখা গিয়েছিল। কিন্তু তারকা খ্যাতি থাকলেও এর আড়ালে ছিল তার কুৎসিত মানসিকতা। ভুক্তভোগী দাবি করেছেন, ২০২১ সালে ইনস্টাগ্রামে সৌরভের সাথে পরিচয় হয় তার। ফোন নম্বর দেয়া-নেয়ার পর হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ হতে থাকে। একপর্যায়ে সম্পর্ক ঘনিষ্ঠ হয় তাদের।
তরুণীর দাবি―২০২১ সালের ২৫ ডিসেম্বর তাদের প্রথমবার সরাসরি দেখা হয়। ওই সময় তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন সৌরভ। এমনকি স্ত্রী হিসেবে যেমন অধিকার থাকে, তাকেও একই মর্যাদা দেয়ার কথা দেন অভিনেতা। তারা শুধু ভারতে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও একসাথে ছিলেন।
সৌরভ তাকে বুঝিয়েছেন, দু’জনে একটি ব্যবসা শুরু করবেন। সেই প্রতিশ্রুতিতে যুক্তরাষ্ট্রে চাকরিও ছাড়েন ওই নারী। কিন্তু পরবর্তীতে অভিনেতার সাথে সম্পর্কজনিত জটিলতার কারণে ক্যারিয়ারে আর মন দিতে পারছিলেন না। বিয়ের ব্যাপারে প্রশ্ন করলেই ফোন নম্বর ব্লক করে দিতেন। দূরত্ব তৈরি করতেন বলেও অভিযোগ করা হয়েছে।
এছাড়াও ভুক্তভোগী জানিয়েছেন, ২০২৫ সালের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত একসাথে ছিলেন তারা। তারপর হায়দরাবাদে একসাথে থাকার সময় হঠাৎ করেই কোনো কিছু না জানিয়েই চলে যায় সৌরভ। পরে তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।
সবশেষ, গত ১৫ আগস্ট গাচিবাউলি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। পরে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মামলা নিয়ে ঘটনাটি তদন্ত শুরু করে। এরপর এদিন জানা গেল―মুম্বাই বিমানবন্দর থেকে সৌরভকে গ্রেফতার করে হায়দরাবাদে নেয়া হয়েছে তাকে।


