আজ ২৫ নভেম্বর, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনো না কোনো সময়ে সহিংসতার শিকার হন। ২০২৪ সালের পরিসংখ্যান বলছে, ওই বছর বিশ্বজুড়ে অন্তত ৫০ হাজার নারী ও কন্যাশিশু স্বামী, সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে ১৩৭ জন এবং প্রতি ১০ মিনিটে একজন নারী বা কন্যাশিশুর প্রাণ গেছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্যে নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের দায়মুক্তি বন্ধের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘের মতে, ভয়, সামাজিক অপবাদ, বৈষম্য ও প্রয়োজনীয় সহায়তার অভাবে অনেক নারী নির্যাতনের শিকার হয়েও মুখ খুলতে পারেন না। এমনকি অনেকে বিচার চাইতেও সাহস পান না।
নারীর প্রতি সহিংসতার নতুন ক্ষেত্র হয়ে উঠেছে অনলাইন জগৎ। সেখানে হয়রানি, অনুসরণ, অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া অশ্লীল ছবি তৈরি, হুমকি ও ব্ল্যাকমেইলের মতো ঘটনা বাড়ছে। এসব নির্যাতন নারীর মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক ও কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। কোনো কোনো ক্ষেত্রে অনলাইন হয়রানি বাস্তব জীবনেও শারীরিক সহিংসতার ঝুঁকি তৈরি করছে।
অনলাইন নির্যাতন মোকাবিলায় হয়রানির প্রমাণ সংরক্ষণ, অপরাধীকে ব্লক করা, সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে অভিযোগ জানানো এবং নিরাপত্তা ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দিয়েছে জাতিসংঘ। প্রয়োজনে বিশ্বস্ত ব্যক্তির সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে।
একই সাথে নির্যাতনের শিকার নারীদের দোষারোপ না করে তাদের কথা বিশ্বাস করা এবং পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করাও জরুরি বলে মনে করছে জাতিসংঘ।


