...|...|...

অর্থনীতি

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৯
Shares
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

ফাইল ছবি।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনাকে কেন্দ্র করে বাজারে কিছুটা অস্থিরতা থাকলেও, সার্বিকভাবে মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা নাগাদ স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে দাঁড়ায় ৪ হাজার ৩০৪ দশমিক ৭১ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দর ১ শতাংশ বেড়ে পৌঁছায় ৪ হাজার ৩৪০ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তির আশায় জ্বালানি তেলের দাম কমে আসায় শুক্রবার স্বর্ণের বাজারে সাময়িক স্বস্তি ফিরেছে। তবে ফেডের উচ্চ সুদনীতি ও বন্ডের বাড়তি মুনাফার কারণে স্বর্ণ ধরে রাখার ব্যয় বেড়ে যাওয়ায়, সাপ্তাহিক হিসাবে এই ধাতুর দরপতনের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তারা।

গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ বাড়িয়েছে এবং ভবিষ্যতে আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী অক্টোবরে সুদের হার বাড়ার সম্ভাবনা প্রায় ৭১ শতাংশ, আর ডিসেম্বরে তা বেড়ে দাঁড়াতে পারে ৯৫ শতাংশে।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হলেও, সুদের হার বৃদ্ধি পেলে বিনিয়োগকারীরা অপেক্ষাকৃত বেশি মুনাফাদায়ী সম্পদের দিকে ঝুঁকে পড়েন, যা স্বর্ণের চাহিদা কমিয়ে দেয়।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৯০ ডলারে, আর প্ল্যাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ১ হাজার ৭৬৭ দশমিক ৫৫ ডলারে। তবে ব্যতিক্রম প্যালাডিয়াম- এর দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে নেমে এসেছে ১ হাজার ২৬৫ দশমিক ০৩ ডলারে।

দেশের বাজারেও এর প্রভাব স্পষ্ট। ভ্যাটসহ সর্বোচ্চ মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।