...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৬
Shares
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ারবাজারে। পাশাপাশি বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর আরও কমেছে। এ নিয়ে টানা তিন সপ্তাহ ধরে নিম্নমুখী রয়েছে জ্বালানি পণ্যটির বাজার।

সোমবার এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতেও দরপতন দেখা গেছে। প্রযুক্তিনির্ভর দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে সূচক কমেছে ৪ শতাংশ। একই প্রবণতা দেখা গেছে চীন, হংকং ও অস্ট্রেলিয়ার বাজারে। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও বড় ধরনের পতন হয়। বিশেষ করে প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর শেয়ারের সমন্বয়ে গঠিত নাসডাক সূচক এক সপ্তাহে ১০ শতাংশ কমেছে।

আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় রাত ২টা ১৬ মিনিটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে ৯২ ডলার ২৯ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১৫ সেন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩ ডলার ২৬ সেন্টে দাঁড়ায়।

এর আগের সপ্তাহেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে উল্লেখযোগ্য পতন হয়েছিল। ওই সময় ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমে যায়।

তবে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলে হামলার ঘটনায় তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধের উত্তেজনা অব্যাহত থাকায় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা পুরোপুরি কাটেনি। ফলে এসব ভূরাজনৈতিক পরিস্থিতি তেলের দামে বড় ধরনের পতন ঠেকাতে ভূমিকা রাখছে।

তথ্যসূত্র: রয়টার্স