...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫৩ | আপডেট: ২১ অক্টোবর ২০২৬, সকাল ৯:০২
Shares
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ নিয়ে উদ্বেগের জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বুধবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১০ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বেড়ে ৯৯ ডলারে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাজারসংশ্লিষ্টদের মধ্যে লোহিত সাগরে জাহাজ চলাচলের ঝুঁকি এবং সৌদি আরবের তেল অবকাঠামোর ওপর সম্ভাব্য হুমকি নিয়ে উদ্বেগ রয়েছে। এসব কারণে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে।

বুধবার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ দশমিক ২১ ডলার বেড়ে প্রতি ব্যারেল ১১০ ডলারে পৌঁছায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ডব্লিউটিআইয়ের দামও এক ডলারের বেশি বেড়ে প্রতি ব্যারেল ৯৯ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের দিন মঙ্গলবারও আন্তর্জাতিক বাজারে তেলের দামে উল্লেখযোগ্য ওঠানামা দেখা যায়। দিনের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম সর্বোচ্চ ১১১ দশমিক ৯৯ ডলারে উঠলেও দিন শেষে কমে প্রতি ব্যারেল ১০৮ দশমিক ৭৯ ডলারে দাঁড়ায়। একই দিন ডব্লিউটিআই ক্রুডের নভেম্বরের চুক্তির দাম সর্বোচ্চ ১১০ দশমিক ৪৮ ডলারে উঠেছিল। তবে দিন শেষে তা কমে ১০১ দশমিক ৭৯ ডলারে নেমে আসে। ডব্লিউটিআইয়ের ডিসেম্বরের চুক্তির দাম ছিল ৯৭ দশমিক ৮২ ডলার।

অর্থাৎ, মঙ্গলবার দিনভর দর ওঠানামার পর কমলেও বুধবার আবারও ঊর্ধ্বমুখী হয়েছে তেলের দাম। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর চাপ বজায় রয়েছে।