বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের হতাশা কাটিয়ে সামনে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড। উয়েফা নেশন্স লিগে দলের সাম্প্রতিক পারফরম্যান্সে সেই অগ্রগতিরই প্রতিফলন দেখছেন কোচ থমাস টুখেল। চার ম্যাচে ১৪ গোল করে ইংল্যান্ড যে ধারাবাহিকতা দেখিয়েছে, তাতে ২০২৮ ইউরোকে সামনে রেখে দল আরও এক ধাপ এগিয়েছে বলে মনে করছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) ওয়েম্বলি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারানোর পর সাংবাদিকদের সাথে কথা বলেন ৫৩ বছর বয়সী টুখেল। নেশন্স লিগের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কাছে ৩-২ গোলে হারের পর ঘরের মাঠে ও অ্যাওয়ে ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে ইংল্যান্ড। এরপর ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দেয় দলটি। ম্যাচ শেষে বিশ্বকাপের সেমিফাইনালের প্রসঙ্গ টেনে টুখেল বলেন, ‘আমার মনে হয়, সামনে এগিয়ে যাওয়া জরুরি।’
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের ২-১ গোলে হারের পর থেকেই টুখেলকে সেই ম্যাচ নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। তবে তার মতে, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে দল যে অগ্রগতি দেখিয়েছিল, সেখান থেকেই এগিয়ে যাওয়া উচিত। নতুন করে সবকিছু শুরু করার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।
‘আমি শুধু এটুকুই আবার বলতে পারি, আমরা গ্রুপ পর্ব থেকেই বাদ পড়িনি। মাঝে মাঝে এমন মনে হয় যেন আমরা গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিলাম, কিন্তু আসলে তা হয়নি।
‘সমালোচনা ও সংশয় ছিল। তবে আমি বলেছিলাম, আমাদের একেবারে নতুন করে শুরু করার প্রয়োজন নেই। কারণ আমরা একসাথে যা অর্জন করেছি, সেখান থেকেই এগিয়ে যেতে পারি। বিশ্বকাপে আমরা উচ্চমানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেছি।’
বিশ্বকাপের পরের পথচলায় দলের খেলোয়াড়দের মানসিকতা ও প্রতিশ্রুতির প্রশংসাও করেছেন টুখেল। প্রথম দিন থেকেই জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়দের মনোভাব ইতিবাচক ছিল বলে জানান তিনি। চার ম্যাচেই সেই মনোভাবের প্রতিফলন দেখতে পেয়ে সন্তুষ্ট ইংল্যান্ড কোচ।
‘এখন আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছি এবং প্রতিটি ক্ষেত্রে পরবর্তী ধাপে যাওয়া গুরুত্বপূর্ণ। ক্যাম্পের প্রথম দিন থেকেই খেলোয়াড়দের প্রতিশ্রুতি ও মানসিকতা খুবই উঁচু পর্যায়ের ছিল। চারটি ম্যাচেই আমরা সেটি দেখাতে পেরেছি এতে আমি খুশি।’
নেশন্স লিগে ইংল্যান্ডের পরবর্তী ম্যাচ আগামী ১২ নভেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে। সেই ম্যাচ দিয়েই টুর্নামেন্টের পরবর্তী পর্বের লড়াইয়ে ফিরবে টুখেলের দল।


