...|...|...

খেলা

বিশ্বকাপের আগে নতুন কোচ পেলেন লিটন-শান্তরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, রাত ৯:২৭ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩৪
Shares
বিশ্বকাপের আগে নতুন কোচ পেলেন লিটন-শান্তরা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে নতুন মুখ যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার ম্যালিবংওয়ে মেকেতাকে নিয়োগ দেওয়া হয়েছে। চলতি বছরের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত তার সাথে চুক্তি করেছে বিসিবি।

সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের কোচিং স্টাফের সাথে যোগ দেবেন মেকেতা। জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক ও উদীয়মান ক্রিকেটারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই দক্ষিণ আফ্রিকান কোচের।

সবশেষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ এবং জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মেকেতা। এর আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কোচিংয়েও যুক্ত ছিলেন তিনি। ২০২৩-২৪ মৌসুমে তার অধীনে দক্ষিণ আফ্রিকা ‘এমার্জিং’ দল সিএসএ ওয়ানডে কাপের দ্বিতীয় বিভাগের শিরোপা জেতে।

বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেকেতা। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। বিসিবি আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখার অপেক্ষায় আছি।’

বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের উন্নয়নেও কাজ করতে চান তিনি। মেকেতা বলেন, ‘আমাদের দলটি তরুণ ও সম্ভাবনাময়। সিমন্স ও কোচিং স্টাফের অন্য সদস্যদের সাথে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে এবং তাদের উন্নতিতে সহায়তা করতে মুখিয়ে আছি।’