...|...|...

সারাদেশ

বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫০
Shares
বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

জজ আদালত, কুষ্টিয়া। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় রাজিব কুমার ঘোষ (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এএইচ এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ঘোষ মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের জয় ঘোষের ছেলে।

মামলার নথি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য থেকে জানা যায়, রাজিব ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। এতে সাড়া না পেয়ে তিনি ওই কিশোরীর সাথে সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতে থাকেন।

এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে কিশোরীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে রাজিব তাদের বাড়িতে প্রবেশ করেন। পরে জোরপূর্বক তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানালে তাকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতিও দেন তিনি। এরপর বিভিন্ন সময়ে বাবা-মায়ের অনুপস্থিতিতে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

একপর্যায়ে কিশোরী বিয়ের জন্য চাপ দিলে রাজিব বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে ওই ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে ২০২২ সালের ১১ ডিসেম্বর মিরপুর থানায় মামলা করেন। মামলায় রাজিব কুমার ঘোষকে এজাহারভুক্ত আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে মিরপুর থানার উপসহকারী পুলিশ পরিদর্শক মুরাদুল ইসলাম একই বছরের ৩০ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর (সংশোধনী-৩) ৯(১) ধারায় রাজিবের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।