...|...|...

রাজধানী

বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, দুপুর ১:০১ | আপডেট: ২ অক্টোবর ২০২৬, বিকেল ৫:২০
Shares
বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দর থানায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (BG-338) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে মেজর (অব.) আখতারুজ্জামান তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, এ সময় আখতারুজ্জামান বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে মামলায়।

সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হয়েছেন। পরে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।