পরবর্তী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে না গড়ালেও দেশের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে নিজের আগ্রহ ও রোমাঞ্চের কথা জানিয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, বিপিএল শুধু বিনোদনের টুর্নামেন্ট নয়, দেশের ক্রিকেটারদের জন্য নিজেদের মেলে ধরার গুরুত্বপূর্ণ একটি মঞ্চ। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের উঠে আসার ক্ষেত্রেও এর বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি।
বিপিএলের অফিসিয়াল পেইজে প্রকাশিত এক ভিডিওতে টুর্নামেন্টটি নিয়ে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেছেন শান্ত। কয়েক বছর ধরে বিপিএলে খেলার অভিজ্ঞতা থেকে তিনি জানান, প্রতি আসর শুরুর আগেই তার মধ্যে আলাদা উত্তেজনা তৈরি হয়। শান্ত বলেন, ‘আল্লাহর রহমতে বিপিএলে অনেক বছর ধরেই খেলছি। প্রতিবছর যখনই শুনি বিপিএল শুরু হতে যাচ্ছে, তখনই একটি আলাদা রোমাঞ্চ কাজ করে। খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এটি অনেক বড় একটি মঞ্চ। সেখানে ভালো পারফর্ম করতে পারলে নিজের জন্য এবং ক্যারিয়ারের জন্য সবসময়ই ইতিবাচক কিছু হয়।’
শান্তর দৃষ্টিতে বিপিএলের গুরুত্ব শুধু ব্যক্তিগত পারফরম্যান্স কিংবা ক্যারিয়ার গড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এই টুর্নামেন্টকে বড় একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখেন তিনি। প্রতি বছর বিপিএলের মাধ্যমে একাধিক উদীয়মান ক্রিকেটার নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পান বলেও উল্লেখ করেন জাতীয় দলের এই ব্যাটার।
বিপিএল নিয়ে শান্ত বলেন, ‘আমাদের দেশের জন্য বিপিএল অনেক বড় একটি টুর্নামেন্ট। প্রতিবছরই দেখা যায় বেশ কয়েকজন উদীয়মান তরুণ খেলোয়াড় এখানে খেলার সুযোগ পায়। তাই এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।’
শান্তর কথায়, বিপিএলে ভালো করার সুযোগ একজন ক্রিকেটারের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সাথে তরুণদের সুযোগ করে দেওয়ার মাধ্যমে দেশের ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করতেও টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


