...|...|...

বিশ্ব

বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে শীর্ষে চীন, কত নম্বরে বাংলাদেশ?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১১:০১ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১১:১০
Shares
বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে শীর্ষে চীন, কত নম্বরে বাংলাদেশ?

ছবি: সংগৃহীত

বিশ্বে বিদ্যুৎ উৎপাদনে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। ২০২৫ সালে দেশটির মোট বিদ্যুৎ উৎপাদন ছিল ১০ হাজার ৫৭৯ দশমিক ৭ টেরাওয়াট-ঘণ্টা। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় অবস্থানে ভারত। অন্যদিকে সর্বশেষ উপলব্ধ তথ্যের ভিত্তিতে তৈরি ২০০ দেশের বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৬তম।

আন্তর্জাতিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এম্বারের তথ্যভিত্তিক DataStats-এর পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। ২০২৫ সালে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন ছিল ১০৩ দশমিক ৪ টেরাওয়াট-ঘণ্টা। এর আগের বছর উৎপাদন ছিল ১০১ দশমিক ৭ টেরাওয়াট-ঘণ্টা। অর্থাৎ এক বছরে দেশের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে প্রায় ১ দশমিক ৭ শতাংশ।

২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনে দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের উৎপাদন ৪ হাজার ৫১৯ দশমিক ৮ টেরাওয়াট-ঘণ্টা। তৃতীয় স্থানে থাকা ভারতের উৎপাদন ২ হাজার ৮১ দশমিক ৬ টেরাওয়াট-ঘণ্টা।

চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটির বিদ্যুৎ উৎপাদন ১ হাজার ১৯২ দশমিক ৮ টেরাওয়াট-ঘণ্টা। পঞ্চম স্থানে থাকা জাপান উৎপাদন করেছে ১ হাজার ২৯ দশমিক ৯ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ।

ষষ্ঠ থেকে দশম অবস্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিল, কানাডা, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও জার্মানি। ২০২৫ সালে দেশগুলোর বিদ্যুৎ উৎপাদন ছিল যথাক্রমে ৭৫০ দশমিক ৫, ৬৫২ দশমিক ৪, ৬২৪ দশমিক ৭, ৫৭০ দশমিক ২ এবং ৫০০ দশমিক ৫ টেরাওয়াট-ঘণ্টা।

অন্যদিকে ২০২৫ সালে ইরানের বিদ্যুৎ উৎপাদন ছিল ৩৯৫ দশমিক ৮ টেরাওয়াট-ঘণ্টা। একই বছরে মেক্সিকো ৩৫৭, তুরস্ক ৩৫৩ দশমিক ৯, ভিয়েতনাম ৩১০ এবং যুক্তরাজ্য ২৯২ দশমিক ৩ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করেছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চীন একাই যুক্তরাষ্ট্রের দ্বিগুণের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। বাংলাদেশের তুলনায় চীনের উৎপাদন প্রায় ১০২ গুণ এবং ভারতের উৎপাদন প্রায় ২০ গুণ বেশি।

এদিকে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন গত এক দশকে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৫ সালে দেশে বিদ্যুৎ উৎপাদন ছিল ৫৯ দশমিক ৩ টেরাওয়াট-ঘণ্টা। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ দশমিক ৪ টেরাওয়াট-ঘণ্টায়। অর্থাৎ এক দশকে উৎপাদন বেড়েছে প্রায় ৭৪ শতাংশ।

তবে বৈশ্বিক এই র‍্যাঙ্কিংয়ে দেশগুলোর মোট বিদ্যুৎ উৎপাদন বিবেচনা করা হয়েছে। মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার, বিদ্যুৎ সরবরাহের মান কিংবা নিরবচ্ছিন্ন সরবরাহের ভিত্তিতে এই অবস্থান নির্ধারণ করা হয়নি।