ফুটবল ক্যারিয়ারে প্রায় সব বড় শিরোপাই জিতেছেন লিওনেল মেসি। এবার মাঠের বাইরের অর্জনের তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও একটি বিশেষ সম্মান। আর্জেন্টিনার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবলের এই কিংবদন্তি।
মঙ্গলবার (৬ অক্টোবর) মেসির হাতে তুলে দেওয়া হবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। একই দিন কয়েক ঘণ্টা পর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বিশেষ বিদায়ী ম্যাচে বেনিনের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ৩৯ বছর বয়সী তারকার। আর্জেন্টিনার জার্সিতে এটিই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ, যদি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোয়।
লাতিন আমেরিকান সংবাদ মাধ্যম টেলিসুর এর তথ্য অনুযায়ী, মেসিকে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার সিদ্ধান্ত বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের সুপিরিয়র কাউন্সিল সর্বসম্মতভাবে অনুমোদন করেছে। তার অসাধারণ সাফল্য, দীর্ঘদিনের অধ্যবসায়, বিনয় এবং দেশের প্রতিনিধিত্বের প্রতি অঙ্গীকারকে স্বীকৃতি দিতেই এই সম্মান দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডিগ্রি শুধু ফুটবল মাঠে মেসির অর্জনের স্বীকৃতি নয়। বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের প্রধান রিকার্দো গেলপি মেসিকে আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন গুরুত্বপূর্ণ উদাহরণ এবং দূত হিসেবে উল্লেখ করেছেন। তার ব্যক্তিত্বের বিনয় ও পরিশ্রমের দিকটিও বিশেষভাবে তুলে ধরেছেন তিনি।
২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেকের পর দুই দশকের বেশি সময় ধরে দলটির হয়ে খেলেছেন মেসি। এই সময়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকাসহ একাধিক আন্তর্জাতিক শিরোপা জিতেছেন তিনি। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি জাতীয় দলের হয়ে দীর্ঘ সাফল্যের কারণে আর্জেন্টাইন ফুটবলে নিজেকে কিংবদন্তির আসনে প্রতিষ্ঠিত করেছেন।
এবার জাতীয় দলের হয়ে শেষবারের মতো ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামার প্রস্তুতির মধ্যেই মেসির অর্জনের মুকুটে যুক্ত হচ্ছে সম্মানসূচক ডক্টরেটের নতুন পালক।


