স্প্যানিশ ফুটবল ক্লাব দেপোর্তিভো এলদেন্সের পূর্ণ মালিকানা বুঝে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ক্লাবটির নিয়ন্ত্রণ নেওয়ার পরই দীর্ঘমেয়াদি উন্নতির লক্ষ্যে প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের নতুন উদ্যোগ নিয়েছেন তিনি।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘স্পোর্ট’-এর প্রতিবেদনে বলা হয়, এলদেন্সের প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নিজের বিশ্বস্ত ও অভিজ্ঞদের নিয়ে শক্তিশালী এক ম্যানেজমেন্ট টিম গঠন করতে যাচ্ছেন মেসি। তবে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে এখনো স্পেনের হাই-কাউন্সিল ফর স্পোর্টসের (সিএসডি) চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা রয়েছে।
মেসির ঘনিষ্ঠ দুই প্রতিনিধি পাবলো গার্সিয়া মন্তানেস ও আলফনসো নেবোত ক্লাবের শীর্ষ নির্বাহী পদে আসার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। মন্তানেসের প্রখ্যাত প্রতিষ্ঠান ব্যাংকইন্টার ও ডেলয়েটে কাজের অভিজ্ঞতা রয়েছে। গত এপ্রিলে কেনা মেসির আরেক কাতালান ক্লাব ‘উনিয়ো এস্পোর্তিভা কর্নেয়া’র প্রশাসনিক দায়িত্বেও ছিলেন তিনি।
অন্যদিকে ২০০৯ সাল থেকে মেসি পরিবারের আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন অ্যান্ডব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদ সদস্য আলফনসো নেবোত।
এদিকে দেপোর্তিভো এলদেন্সের প্রধান কোচ হাভিয়ের কালেহা জানান, ক্লাবটির খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে মেসির প্রতিনিধি দলের নিয়মিত যোগাযোগ রক্ষা চলছে।


