...|...|...

খেলা

বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, রাত ১০:০৬
Shares
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

ছবি: সংগৃহীত

গোপন বিনিয়োগ পরিকল্পনা ও ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠন সংক্রান্ত বিতর্কের জের ধরে ফিফা কাউন্সিলের বৈঠকে ক্ষমা চেয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে তার এই ক্ষমাপ্রার্থনায় অসন্তোষ মেটেনি; উল্টো ইনফান্তিনোর নেতৃত্বের ভূমিকা ও সভাপতির পদে থাকার যোগ্যতা নিয়েই সরাসরি প্রশ্ন তুলেছেন ইংল্যান্ড ও জার্মানির ফুটবল শীর্ষ কর্তারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার ৩৭ সদস্যের নির্বাহী পর্ষদের সাড়ে তিন ঘণ্টাব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি খাতে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে উত্তপ্ত আলোচনা হয়। ব্যাপক সমালোচনার মুখে ফিফা অবশ্য সেই পরিকল্পনা ইতিমধ্যে বাতিল ঘোষণা করেছে।

বৈঠকে কাউন্সিলের অজান্তে বাইরের অর্থদাতাদের সঙ্গে যোগাযোগের জন্য ক্ষমা চান ইনফান্তিনো। তবে এতে আস্থা ফিরেনি বলে জানান ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সভাপতি ও ফিফার সহসভাপতি ডেবি হিউইট। তিনি বলেন, 'তাকে অবশ্যই এসব প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে হবে। তিনি যদি এখনই সন্তোষজনক জবাব দিতে না পারেন, তবে ফিফা সভাপতি হওয়ার যোগ্যতা তার নেই।'

একই সুরে ক্ষোভ প্রকাশ করেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বার্ন্ড নয়েনডর্ফ। ফিফার অভ্যন্তরীণ প্রশাসন ও পরিচালনব্যবস্থায় বড় ধরনের সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, ইনফান্তিনোর নেতৃত্বে এই পরিবর্তন সম্ভব নয়। আগামী ২০২৭ সালের সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিপক্ষে বিকল্প প্রার্থী পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিনিয়োগ বিতর্ক ছাড়াও বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'ফিফা শান্তি পুরস্কার' প্রদান এবং ট্রাম্পের তদবিরে মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিতর্কিত বিষয়গুলো উঠে আসে।

এদিকে উত্তপ্ত এই বৈঠকেই বিশ্বজুড়ে ফুটবলের সার্বিক উন্নয়নে সংস্থাটির আর্থিক রিজার্ভ থেকে ৩৫০ কোটি ডলার অর্থ বিতরণের প্রস্তাব অনুমোদন করেছে ফিফা কাউন্সিল। তবে সভাপতির নেতৃত্ব নিয়ে চলমান অচলাবস্থার মধ্যে এই বিপুল অনুদান সদস্য দেশগুলোর আস্থা কতটা ফেরাতে পারবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।