...|...|...

রাজনীতি

বিটিএমএ’র সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময়, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৫৪
Shares
বিটিএমএ’র সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময়, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

ছবি: সংগৃহীত

সরকারের ভালো কাজে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কাজের গঠনমূলক সমালোচনা ও প্রতিবাদ করাই বিরোধী দলের মূল নীতি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালনা পর্ষদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, দেশে অন্ধকারাচ্ছন্ন অন্ধ-বিরোধিতার রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আশ্বাস দিয়েছেন জামায়াত আমির। পবিত্র কোরআন-হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ভালো কাজে সহযোগিতা ও মন্দ কাজে বাধা দেওয়ার ঐশী বিধান মেনেই পথ চলবে সংসদীয় বিরোধী দল।

টেক্সটাইল খাতকে দেশের অর্থনৈতিক প্রাণশক্তি উল্লেখ করে জামায়াত আমির জানান, শিল্প খাতের সমস্যা ও চ্যালেঞ্জগুলোর সমাধানে জাতীয় সংসদে জামায়াত ইতিবাচক ভূমিকা রাখবে। দেশপ্রেম ও নিষ্ঠা নিয়ে ব্যবসায়ীদের সংকটের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।

বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার বলেন, টেক্সটাইল খাতে প্রায় ৩২ বিলিয়ন (৩ হাজার ২০০ কোটি) মার্কিন ডলারের বিশাল বিনিয়োগ রয়েছে। খাতের গ্যাস-বিদ্যুৎ সংকট, প্রণোদনা, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও শুল্কসংক্রান্ত জটিলতা নিয়ে বিরোধীদলীয় নেতাকে অবহিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী নিজেও তাদের বেশ কিছু জটিলতা নিরসন করেছেন এবং অবশিষ্ট সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। জামায়াত আমিরও এসব সংকট নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্প্রতি ‘বাটেক্সপো’ মেলার সমাপনী অনুষ্ঠানে ঐতিহ্য ভেঙে বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ না জানানোর সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, অর্থনীতির মূল চালিকাশক্তিকে রাজনৈতিক ও দলীয়করণের দৃষ্টিভঙ্গিতে দেখা ঠিক নয়। এর মাধ্যমে ব্যবসায়িক খাতে ভুল বার্তা যায়।

মতবিনিময় সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি ও উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ বিটিএমএর ডিরেক্টর বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।