...|...|...

ঢাকা

বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, রাত ৮:০৫
Shares
বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলা এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজনসহ অন্তত ১০ জন। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির পাশাপাশি মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে সংঘর্ষের সূত্রপাত হয়। ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা এবং ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

প্রথম দফার সংঘর্ষের রেশ ধরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত ইউনিয়নের রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।

গুলিবিদ্ধ পাঁচজন হলেন দিদার ঢালী, বোরহান সিকদার, দিদার সরদার, রাকিব সরদার ও ইমরান হোসেন। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

গুলিবিদ্ধ দিদার ঢালী জানান, বুধবার রাতে নোয়াদ্দা এলাকায় একটি ড্রেজারের পাশে কয়েকজন দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় আওলাদ মোল্লার সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ করেন। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। এ ঘটনার জের ধরে পরদিন সকাল পর্যন্ত আশপাশের গ্রামগুলোতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে ফ্রান্সপ্রবাসী রহিম মোল্লার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ওই দুই পক্ষের মধ্যে আগে থেকেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রাতে চারজন গুলিবিদ্ধ হয়েছে। দ্বিতীয় দফা সকালেও আবার সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।