চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে বিএনপি নেতাদের উদ্যোগে আয়োজিত একটি কনসার্ট শেষে একদল তরুণের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
স্লোগান দেওয়ার সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ধাওয়ায় কয়েকজন তরুণ আটক হন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আয়োজক কমিটির দাবি, এ ঘটনায় অন্তত ২০ জনকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে নগরের পাহাড়তলী এলাকার রেলওয়ে শহীদ শাহজাহান মাঠের আশপাশে এ ঘটনা ঘটে। আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সেখানে কনসার্টের আয়োজন করা হয়েছিল। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করেন। অনুষ্ঠানটির পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন।
জানা যায়, শনিবার বিকালে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতারা অংশ নেন। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দর্শকদের বিনোদনের জন্য শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। এতে দেশের বিভিন্ন ব্যান্ড দল সংগীত পরিবেশন করে। কনসার্ট ঘিরে মাঠে বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার সমাগম ঘটে। রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে অনুষ্ঠান শেষ হলে দর্শকেরা মাঠ ছেড়ে ফিরতে শুরু করেন।
এ সময় পাহাড়তলীর ওয়ার্কশপ গেট ও আমবাগান এলাকার পথে একদল তরুণকে রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। তাদের মুখে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান শোনা যায়। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের ধারণ করা একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর কনসার্ট শেষে স্লোগান দেয়ার বিষয়টি আলোচনায় আসে।
স্লোগান দেওয়ার পরপরই আশপাশে থাকা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় লোকজন ওই তরুণদের ধাওয়া করেন। একপর্যায়ে কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের খুলশী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন আয়োজক কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন।
এ বিষয়ে নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, কনসার্টে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। অনুষ্ঠান শেষে ফেরার পথে পাহাড়তলীর ওয়ার্কশপ গেট ও আমবাগান এলাকায় কয়েকজন তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দেন। তবে তারা বেশিক্ষণ স্লোগান দেননি, কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটনাটি ঘটে। এ সময় আশপাশে থাকা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে আটক করেন। অন্তত ২০ জনকে আটক করে খুলশী থানার পুলিশের কাছে দেয়া হয়েছে।
অন্যদিকে, ঘটনার পর পুলিশও এলাকায় অভিযান চালিয়েছে। খুলশী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, পাহাড়তলী এলাকায় গতকাল রাতে খুলশী থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। তবে আটক ব্যক্তির সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।
কনসার্টের মতো একটি সাংস্কৃতিক আয়োজন শেষে রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে ধাওয়া ও আটকের ঘটনা নগরের পাহাড়তলী এলাকায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরেও চলছে আলোচনা।
তবে আটক ব্যক্তিদের পরিচয়, তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে কি না এবং পুলিশের পরবর্তী আইনগত পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

