কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
রবিবার (২৯ নভেম্বর) দুর্বৃত্তরা পৃথক দুটি স্থানে এসব ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুনে কিছু মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে কুষ্টিয়া জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এতে কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
অন্যদিকে, একই সময়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের ফুলবাড়িয়া শাখা লক্ষ্য করে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে ব্যাংকের দ্বিতীয় তলায় কর্মকর্তাদের আবাসিক কক্ষে থাকা কিছু মালামাল পুড়ে যায়।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।


