লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। জামায়াতের স্থানীয় নেতা হাসান মাহমুদ রাসেলের নেতৃত্বে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলেকজান্ডার পৌর এলাকার দিদার প্রফেসরের বাড়ির উঠানে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তাদের বিএনপিতে যোগদানের ঘোষণা দেওয়া হয়।
যোগদানকারী হাসান মাহমুদ রাসেল রামগতি পৌরসভা জামায়াতের একটি ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএনপিতে যোগ দেওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, জীবনের বাকি সময় বিএনপির সাথে থেকে দলের জন্য কাজ করতে চান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান। পাশাপাশি দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে বিষয়টি নিয়ে রামগতি উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিমের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতা ও মেয়র প্রার্থী শাহেদ আলী পটুসহ রামগতি পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


