বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
রবিবার (৮ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার একিউআই স্কোর রেকর্ড করা হয় ১৭৯।
তালিকায় ২৯১ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে ভারতের কলকাতা, যার একিউআই স্কোর ২০৩। ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি।
এ ছাড়া ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। পঞ্চম স্থানে থাকা ঢাকার পরেই ১৭৮ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের বার্মিংহাম।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ুমান হিসেবে চিহ্নিত করা হয়।
এই হিসাবে ঢাকার ১৭৯ স্কোর নির্দেশ করছে, রাজধানীর বাতাস বর্তমানে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে, যা নগরবাসীর স্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ।


