গোপালগঞ্জে পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। হামলার নির্দেশদাতা হিসেবে সাবেক মন্ত্রী কর্নেল ফারুক খান ও যুব মহিলা লীগ নেত্রী তানিয়া হক শোভার নাম উল্লেখ করেছেন তিনি।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মুসাদ্দিক। এ সময় হামলায় সরাসরি অংশ নেওয়া ১৩ জনের পরিচয় প্রকাশের পাশাপাশি আরও কয়েক শ ব্যক্তির সম্পৃক্ততার দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে মুসাদ্দিক জানান, কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছিল। বাড়ির ঠিকানা প্রকাশ করে সেখানে হামলা ও অগ্নিসংযোগের উসকানি দেওয়া হয়। এমনকি বাড়িতে থাকা লোকজনকে পুড়িয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, গত ১৮ নভেম্বর ভোরে হামলাকারীরা ভুল করে তার ফুপুর বাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরদিন ১৯ নভেম্বর দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ৩০০ থেকে ৪০০ ব্যক্তি তার পৈতৃক বাড়িতে হামলা চালান। এ সময় বাড়ির কয়েকটি কক্ষে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। আশপাশের আরও কয়েকটি বাড়িও হামলার শিকার হয় বলে জানান তিনি।
হামলার পরিকল্পনা ও নির্দেশনার সাথে সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী কর্নেল ফারুক খান এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী তানিয়া হক শোভা জড়িত বলে অভিযোগ করেন মুসাদ্দিক।
এ ছাড়া হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির খন্দকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান মোল্লা এবং সাবেক ইউপি সদস্য কামরুল শেখের নাম উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সরাসরি হামলায় অংশ নেওয়ার অভিযোগে আরও ১৩ জনের নাম প্রকাশ করেন ডাকসুর এই নেতা। তাদের মধ্যে রয়েছেন ধোপাদি গ্রামের রানা মীর, রওনক মীর, তামিম মীর, রোহান মীর, রায়হান মীর ও নাছিম মীর; ঘুনসি গ্রামের রিফাত তালুকদার, রোমান শেখ, শহিদ তালুকদার, অন্তর মোল্লা, সাহিদুল মল্লিক ও মহাসিন শেখ এবং আইকদিয়া গ্রামের মিজানুর রহমান।
মুসাদ্দিকের ভাষ্য, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তবে হামলায় অংশ নেওয়া অনেকের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের শনাক্তের কাজ চলছে।
আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে তিনি বলেন, স্থানীয় থানা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুসাদ্দিক বলেন, এর আগে শাহবাগ থানার ভেতরে তাদের ওপর হামলার ঘটনা ঘটলেও পুলিশ মামলা গ্রহণ করেনি। অতীত অভিজ্ঞতার কারণে বর্তমান সরকারের কাছ থেকে যথাযথ আইনি প্রতিকার পাওয়ার বিষয়ে তিনি আস্থা রাখতে পারছেন না।
সংবাদ সম্মেলনে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধেও সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ তোলেন তিনি। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের কাছে সরকারের ব্যাখ্যা চাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন মুসাদ্দিক।
হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। একই সাথে এলাকার শান্তি ও নিরাপত্তা রক্ষায় গোপালগঞ্জের বাসিন্দাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


