...|...|...

সারাদেশ

বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ২

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০৫
Shares
বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ২

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ‘এমভি তাসলিমা’ নামের একটি বাল্কহেড জব্দ করা হয়।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় সন্দেহভাজন ‘এমভি তাসলিমা’ বাল্কহেডে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাল্কহেডটির বিভিন্ন অংশ থেকে ৩০৫ বোতল ভারতীয় ‘ব্ল্যাক হুইস্কি’ উদ্ধার করা হয়। পরে মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রফিক (৪৫) ও উজ্জ্বল (৪০)। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত বাল্কহেডটিও জব্দ করা হয়।

এ বিষয়ে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নৌপথ নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।