বান্দরবানের লামা উপজেলায় পৃথক বজ্রপাতে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হেডম্যানপাড়া ও বড়ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হ্লাথুই পাড়া এলাকার খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা এলাকার মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৫টার দিকে নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি মং প্রু মারমা বাড়ি ফেরার পথে হেডম্যানপাড়া এলাকায় পৌঁছালে বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, শিশু সজিব নিজ বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে আহত হয়। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামিল আহমদ জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


