...|...|...

বিশ্ব

বাজি ফাটালে সেরে যায় শরীরের বিভিন্ন রোগ: বিজেপি নেত্রী পাপিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, রাত ৯:১২
Shares
বাজি ফাটালে সেরে যায় শরীরের বিভিন্ন রোগ: বিজেপি নেত্রী পাপিয়া

পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। ছবি: সংগৃহীত

কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আতশবাজি পোড়ানো নিয়ে বিতর্কের মধ্যেই নতুন মন্তব্য করে আলোচনায় এসেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তার দাবি, বাজি ফাটালে শরীরের বিভিন্ন রোগব্যাধি সেরে যেতে পারে। কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই এমন মন্তব্য করায় রাজ্যটির রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।

সোমবার (৯ নভেম্বর) কলকাতার টালিগঞ্জে একটি কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিজেপির এই বিধায়ক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

জানা গেছে, মঞ্চে মাইক্রোফোন হাতে বক্তব্য দেওয়ার সময় পাপিয়া অধিকারীর সামনেই বিকট শব্দে একটি বাজি ফেটে যায়। তবে এতে বিচলিত না হয়ে হাসিমুখে বক্তব্য চালিয়ে যান তিনি। একপর্যায়ে দাবি করেন, বাজি ফাটানোর ফলে শরীরের একাধিক রোগব্যাধি সেরে যায়।

বিজেপি বিধায়কের এমন মন্তব্যে উপস্থিত অনেকেই বিস্মিত হন। বিশেষ করে আতশবাজির কারণে বায়ু ও শব্দদূষণের ঝুঁকি নিয়ে যখন আলোচনা চলছে, তখন তার এই দাবি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

একই অনুষ্ঠানে উৎসবের সময় বাজি পোড়ানোর পক্ষেও কথা বলেন পাপিয়া অধিকারী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী নিজেই তো বাজি ফাটানোর কথা বলেছেন। বাজি না থাকলে কি আর কালীপূজা সম্পূর্ণ হয়? তাই বাজি তো ফাটানো হবেই। তবে অবশ্যই আমরা পুলিশ প্রশাসনের নির্দেশিকা ও নিয়ম মেনেই বাজি ফাটাব।’

এর আগে কলকাতার আমহার্স্ট স্ট্রিট ও খালিষানিসহ বিভিন্ন এলাকার কালীপূজার মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে আতশবাজি ব্যবহারের বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি উৎসবের সময় বাজি পোড়ানোর পক্ষে অবস্থান জানালেও শব্দদূষণ নিয়ন্ত্রণ ও প্রচলিত আইন মেনে চলার ওপর গুরুত্ব দেন। একই সাথে পরিবেশের ক্ষতি কমাতে সাধারণ মানুষকে শুধু পরিবেশবান্ধব বা ‘সবুজ বাজি’ ব্যবহারের আহ্বান জানান।

তবে মুখ্যমন্ত্রীর এমন নির্দেশনার পরও বাজি ফাটালে রোগ সেরে যায় বলে বিজেপি বিধায়কের দাবি নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞদের মতে, আতশবাজির ধোঁয়া ও ক্ষতিকর সূক্ষ্ম কণা শ্বাসতন্ত্রের সমস্যাসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। বাজি ফাটানোর মাধ্যমে রোগ নিরাময়ের কোনো স্বীকৃত বৈজ্ঞানিক প্রমাণ নেই।

এদিকে বিতর্কের মুখে পরে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন পাপিয়া অধিকারী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তিনি বলেন, এ ধরনের বিশ্বাস পূর্বপুরুষদের প্রচলিত ধারণার সাথে সম্পর্কিত। বর্তমান যুগে বিজ্ঞানের অগ্রগতির প্রেক্ষাপটে এমন বক্তব্য যথাযথ নয় বলেও স্বীকার করেন তিনি। তার মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন এবং বক্তব্য প্রত্যাহারের কথাও জানান।