...|...|...

সারাদেশ

বাগেরহাটে প্রবাসীর ঘর থেকে এসআই আটক, অতঃপর...

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, রাত ৯:০৫
Shares
বাগেরহাটে প্রবাসীর ঘর থেকে এসআই আটক, অতঃপর...

এসআই দ্বীপ মন্ডল। ছবি: ভিডিও থেকে নেওয়া।

বাগেরহাটে এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 

রবিবার (৪ অক্টোবর) বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একইসাথে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে রবিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামে ওই প্রবাসীর বসতবাড়িতে এসআই দ্বীপ মন্ডলকে আটক করেন স্থানীয়রা। এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

এসআই দ্বীপ মন্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ সুবাদে ওই এলাকায় তার নিয়মিত যাতায়াত ছিল।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, এসআই দ্বীপ মন্ডলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। এ ছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।