...|...|...

সারাদেশ

বাগানের ভেতর গোপনে গাঁজা চাষ, অভিযুক্ত আটক

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, সকাল ১০:৩৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২০
Shares
বাগানের ভেতর গোপনে গাঁজা চাষ, অভিযুক্ত আটক

গোপনে গাঁজা চাষের অভিযোগে ইমামুল হক আটক। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাগানের ভেতর গোপনে গাঁজা চাষের অভিযোগে মো. ইমামুল হক সিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে গাছসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২১ আগস্ট) রাতে সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা তেতুলিয়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ইমামুলের বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশের একটি বাগান থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

ডিবির দাবি, দীর্ঘদিন ধরে মাদক সেবনের সাথে জড়িত ছিলেন ইমামুল। প্রায় পাঁচ মাস আগে বাড়ির ছাদে টবে কয়েকটি গাঁজা গাছ লাগান তিনি। পরে গাছগুলো বড় হলে তা সরিয়ে বাগানের আড়ালে রোপণ করেন।

পুলিশের ধারণা, ব্যক্তিগত সেবন কিংবা বিক্রির উদ্দেশ্যে এসব গাছ চাষ করা হয়ে থাকতে পারে। তবে প্রকৃত উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

অভিযানে উদ্ধার হওয়া গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।