...|...|...

খুলনা

বাকস্বাধীনতা চাই, তবে চরিত্রহননের লাগাম টানাও জরুরি: আইনমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৮
Shares
বাকস্বাধীনতা চাই, তবে চরিত্রহননের লাগাম টানাও জরুরি: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তবে একইসাথে ইয়েলো জার্নালিজম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্রহননের অপচেষ্টারও নিয়ন্ত্রণ করা জরুরি।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণবিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা ফ্রিডম অব এক্সপ্রেশন, ফ্রিডম অব স্পিচ, ফ্রিডম অব কনসায়েন্স- বিবেকের স্বাধীনতা ও কথা বলার স্বাধীনতা চাই। কিন্তু একইসাথে ইয়েলো জার্নালিজম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে মানুষের চরিত্রহননের চেষ্টা করা হয়, সেটি নিয়ন্ত্রণের দাবিও বিভিন্ন দিক থেকে আসছে।

তিনি বলেন, সাইবার আইন-২০২৬ যথেষ্ট নয়- এমন মতামতের পর আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাকস্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য একটি উপকমিটিতে পাঠানো হয়।

মন্ত্রী বলেন, সংশোধনী প্রস্তাব নিয়ে ইতোমধ্যে জনপরামর্শের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে জাতীয় পর্যায়ের বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদকদের সাথে আলোচনা করা হয়েছে। পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতও নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সাংবাদিকদের কোনো পরামর্শ থাকলে তা সংশ্লিষ্ট কমিটির আলোচনার জন্য উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে, তেমনি রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বিএনপির কোনো নেতা যদি এ পথে বাধা হয়ে দাঁড়ান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাকেও বিবেচনায় নেওয়া হবে না।

নিজ এলাকার একটি ঘটনার উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, এক ইউনিয়ন বিএনপি নেতা এলাকায় অশান্তি সৃষ্টি করছিলেন। এ ঘটনায় তিনি প্রশাসনকে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে প্রশাসনের পদক্ষেপে ওই নেতার এক বছরের কারাদণ্ড হয়।

সাব-রেজিস্ট্রারদের বদলি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রি বিভাগ নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন ও অভিযোগ রয়েছে। বিশেষ করে ঢাকায় পোস্টিং পেতে অর্থ লেনদেনের অভিযোগ দীর্ঘদিনের। এসব অনিয়ম রোধে প্রথমবারের মতো ঢাকা শহরে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে।

তিনি বলেন, এ পদ্ধতি চালু হলে সাব-রেজিস্ট্রি অফিসে বিদ্যমান বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

বিচার বিভাগের বিভিন্ন সংকটের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, অতীতে কয়েকজন বিচারপতি অর্থনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত না হলেও বুদ্ধিবৃত্তিক দুর্নীতির মাধ্যমে দেশের গণতন্ত্র ও আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করেছেন। এতে বিচারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার এখন সেই ব্যবস্থা মেরামত ও সংস্কারের কাজ করছে।

তিনি বলেন, বিচার বিভাগের সংস্কার ও মেরামতের কাজে কিছুটা সময় লাগবে। এ জন্য তিনি সাংবাদিকসহ সবার সহযোগিতা ও আস্থা কামনা করেন।

আইনমন্ত্রী আরও বলেন, সরকারের এবং প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠা করা। প্রতিশোধের রাজনীতিতে না গিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। সরকারি দলের নেতাকর্মীদেরও প্রধানমন্ত্রীর এই নীতি অনুসরণ করার আহ্বান জানান তিনি।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে বিচারক সংকটের বিষয়টি প্রশাসনিকভাবে সুপ্রিমকোর্টের সাথে পরামর্শ করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আদালত আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

মাদক ও অস্ত্র চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়গুলো ডিআইজি, পুলিশ সুপার ও জেলা প্রশাসক দেখবেন।

বিগত সরকারের আমলে পুলিশ বাদী হয়ে ইচ্ছামতো গায়েবি মামলা করা হয়েছিল দাবি করে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে এ ধরনের কোনো মামলা হয়নি। তবে কোনো ভুক্তভোগী ব্যক্তি এ ধরনের মামলা করে থাকলে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন আইনমন্ত্রী। এ সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণবিষয়ক সমন্বয় সভায় যোগ দেন।