...|...|...

বিশ্ব

বাংলা জানা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, রাত ৮:৪৪
Shares
বাংলা জানা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ প্রার্থীদের জন্য চাকরির সুযোগ তৈরি হয়েছে। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে (এনওয়াইপিএল) আফটার স্কুল টিউটর পদে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এ পদে ঘণ্টায় ২২ ডলার বেতন দেওয়া হবে। বিশেষ যোগ্যতা হিসেবে বাংলা ভাষার দক্ষতাকে অগ্রাধিকারযোগ্য বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরিটি খণ্ডকালীন। কর্মস্থল ম্যানহাটনের ব্লুমিংডেল লাইব্রেরি। সপ্তাহে চার দিন, সোমবার থেকে বৃহস্পতিবার মোট ১৬ ঘণ্টা কাজ করতে হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে চার ঘণ্টার শিফট নির্ধারণ করা হবে।

নিয়োগপ্রাপ্তদের ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের পড়াশোনায় সহায়তা করতে হবে। স্কুলের বাড়ির কাজ বুঝিয়ে দেওয়া, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার পাশাপাশি শিশুদের জন্য শিক্ষামূলক কার্যক্রম পরিচালনাও দায়িত্বের মধ্যে রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের উপস্থিতির হিসাব রাখা, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ এবং লাইব্রেরির অন্যান্য কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

আবেদনের জন্য স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত এবং অন্তত দুই বছর পড়াশোনা সম্পন্ন করেছেন, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি শিশু বা কিশোরদের শিক্ষাদান কিংবা টিউটর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিক পর্যায়ের গণিত, বিজ্ঞান, ইংরেজি ও সামাজিক বিজ্ঞানের মৌলিক বিষয়েও ভালো ধারণা প্রয়োজন। গুগল অ্যাপ্লিকেশন ও মাইক্রোসফট অফিস ব্যবহারের দক্ষতাও চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলা, আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় দক্ষতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, বাংলা জানা বাধ্যতামূলক না হলেও এ ভাষায় যোগাযোগের দক্ষতা থাকলে আবেদনকারীরা বাড়তি সুবিধা পেতে পারেন।

নিয়মিত ১৬ ঘণ্টা কাজের হিসাবে একজন কর্মী সপ্তাহে ৩৫২ ডলার আয় করতে পারবেন। তবে স্কুলের ছুটি ও নির্ধারিত বিরতির সময় নিয়মিত কাজের সূচি থাকবে না। স্টাফ মিটিং ও প্রশিক্ষণের জন্য মাঝেমধ্যে অতিরিক্ত সময় দিতে হতে পারে।

আগ্রহী প্রার্থীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির ক্যারিয়ার ওয়েবসাইটে ‘এনওয়াইপিএল আফটার স্কুল টিউটর—ব্লুমিংডেল লাইব্রেরি’ পদটি খুঁজে আবেদন করতে পারবেন। আবেদনের আগে বিজ্ঞপ্তিতে পদের বর্তমান অবস্থা ও শর্তাবলি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।