বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও সহজ ও কার্যকর করতে শেখ হাসিনাসহ বিভিন্ন দেশে অবস্থান করা পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান জানান, ভারতের সাথে সৌজন্য সাক্ষাতে দুই দেশের সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক ব্যক্তিদের বিষয়ে বাংলাদেশের অবস্থানও স্পষ্ট করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের কার্যকর ওয়ার্কিং এনগেজমেন্ট গড়ে তুলতে এসব বিষয় ভারত সরকারের বিবেচনায় নেওয়া প্রয়োজন। দুই দেশের সম্পর্ককে আরও সহজ করতে পলাতক আসামিদের দেশে ফেরানোর বিষয়টি গুরুত্বপূর্ণ।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিভিন্ন দেশে অবস্থানরত অন্য ব্যক্তিদেরও বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রাখবে সরকার।
তার ভাষ্য, ভারতের সাথে সম্পর্ক সহজীকরণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে সরকার তার অবস্থান থেকে প্রয়োজনীয় প্রচেষ্টা চালিয়ে যাবে।
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, তার কর্মকাণ্ড শুধু জুলাইয়ের ঘটনাপ্রবাহের মধ্যে সীমাবদ্ধ নয়; এর আগে দীর্ঘ সময় ধরেও বিভিন্ন ধরনের নিপীড়ন ও সহিংসতার ঘটনা ঘটেছে বলে সরকার মনে করে।
তিনি বলেন, এসব ঘটনার সাথে যারা কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, তাদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার প্রচেষ্টা চালানো হবে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত বিভিন্ন কর্মকাণ্ডের সবচেয়ে বড় ভুক্তভোগীদের একটি হিসেবে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তাই সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করা এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টি সরকারের অন্যতম লক্ষ্য।


